• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম


নতুন সংসার পাততেই দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৯:২৬ পিএম

নতুন সংসার পাততেই দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে দুই কন্যাশিশুকে রাস্তার পাশে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয় এবং তাদের এক স্বজনের জিম্মায় দেওয়া হয়। শিশুদের মায়ের দাবি, তিনি ইচ্ছা করেই তাদের সেখানে রেখে গেছেন এবং আর ফিরিয়ে নেবেন না।রবিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।ফেলে যাওয়া শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা ও তার পাঁচ বছর বয়সী বড় বোন ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে এসেছেন। পরে তিনি কোথাও চলে যান এবং আর ফিরে আসেননি।শিশু দুটির পরিচয় শনাক্ত করা এবং তাদের স্বজনদের খুঁজে বের করতে স্থানীয় কয়েকজন ব্যক্তি ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। সেসব ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজন তার পরিচয় নিশ্চিত হয়ে শিশু দুটিকে তার জিম্মায় তুলে দেন।শিশুদের চাচি স্থানীয় লোকজনকে জানান, তাদের বাবা মো. নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। পরিবারটি আগে কুমিল্লা শহরেই বসবাস করত। তবে প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন।ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনেই শিশুদের চাচি মুঠোফোনে তাদের মা জেসমিনের সঙ্গে কথা বলেন। এ সময় জেসমিন জানান, তিনি ইচ্ছা করেই শিশু দুটিকে সেখানে রেখে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নেবেন না বলে জানিয়েছেন।এদিকে শিশু দুটির বাবা নাছিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ভূঁইয়া রিপন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। মা-বাবার বিচ্ছেদের পর শিশু দুটিকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে রেখে তাদের মা কুমিল্লা চলে গেছেন বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে শিশু দুটি তাদের এক স্বজনের কাছে নিরাপদে রয়েছে।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। স্থানীয় এক চিকিৎসক তাকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। পরে শিশু দুটির দাদা বাড়ির লোকজন ওই চিকিৎসকের দোকানে চলে আসায় তাদের কাছেই শিশু দুটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

/বিএসএস