রাজধানী ঢাকার আকাশে সকাল থেকেই আংশিক মেঘলা ভাব দেখা গেলেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থেকে গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে রোদের তাপও বজায় থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না থাকায় গরমে স্বস্তি মিলবে না।
সোমবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া ভিন্ন হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৩২ মিনিটে সূর্যোদয়। আগামী কয়েক দিন দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।