বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দিনমজুরদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোরে এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে কাজের সন্ধানে অপেক্ষমাণ দিনমজুরদের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এএসএফ