বাড়িতে বিয়ের উৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ। আর এক রাত পেরোলেই অতিথিদের আগমনে মুখর হওয়ার কথা ছিল পুরো বাড়ি। সেই আয়োজনের জন্য চাচাদের সঙ্গে বাজার করতে বেরিয়েছিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার যুবক ছায়েদুল হক ফনি (৩২)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। বোনের বিয়ের ঠিক আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছায়েদুল হক ফনি উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, আগামী শুক্রবার ফনিরের চাচাতো বোনের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে বারৈয়ারহাট থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে টমটমটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছায়েদুল হক ফনির মৃত্যু হয়। এ সময় তার চাচা আলম এবং টমটমচালক গুরুতর আহত হন।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই নোমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/এসএন