• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম


অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, নিবন্ধন বাতিলের নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ১০:০৮ পিএম

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্ব পালনের সময় রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তার চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার ডা. মইনুল হাসান চিশতীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি সেসব উপেক্ষা করেন। সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে তিনি নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। একই সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও ওই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় শুধু চিকিৎসকই নন, বেসরকারি প্রতিষ্ঠানটিও অনিয়মে সহযোগিতা করেছে। তাই চিকিৎসকের নিবন্ধন বাতিল ও সরকারি চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

/এসএন