• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম


‘সন্তানরা যদি না করে’— সেই ভাবনা থেকেই নিজের চল্লিশা নিজেই করলেন ৭০ বছরের বৃদ্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৯:৫১ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৭০)।

বুধবার (৫ আগস্ট) নিজ বাড়িতে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এতে অংশ নেন প্রায় দুই হাজারের বেশি মানুষ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের খাবারেরও ব্যবস্থা করা হয়।

আব্দুস সামাদ পূর্ব বাহাদুরপুর গ্রামের মৃত শুকর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা দানেছ আলী জানান, আব্দুস সামাদের তিন মেয়ে ও চার ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেদের মধ্যে কেউ আলাদা সংসার করছেন, আবার কেউ পড়াশোনা করছেন। বয়সের ভার ও শারীরিক দুর্বলতার কথা বিবেচনা করে তিনি নিজের সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, সম্পত্তি বণ্টনের পাশাপাশি আব্দুস সামাদের মনে প্রশ্ন জাগে— মৃত্যুর পর যদি তার সন্তানেরা চল্লিশার আয়োজন না করে। সেই ভাবনা থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে জীবিত অবস্থায় নিজেই নিজের চল্লিশার আয়োজন করার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া লালচাঁন মিয়া বলেন, জীবিত একজন মানুষ নিজের চল্লিশার আয়োজন করেছেন— এটি সত্যিই ব্যতিক্রমী একটি ঘটনা। এই আয়োজনে উপস্থিত হয়ে তারা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করেছেন।

আব্দুস সামাদের ছেলে সামিউল বলেন, বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবারের সবাই এ আয়োজনের সঙ্গে একমত হয়েছেন।

মেয়ে সাজেদাও জানান, বাবার মনের সংশয় দূর করতেই পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

এ বিষয়ে আব্দুস সামাদ বলেন, বয়সের ভারে তিনি এখন শারীরিকভাবে দুর্বল। নামাজ-ইবাদত ছাড়া তেমন কোনো কাজ করতে পারেন না। তাই পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করেই এই আয়োজন করেছেন।

তিনি জানান, অনুষ্ঠানের জন্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং ২০ হাজার টাকা মূল্যের একটি খাসি কেনা হয়েছিল।

/এসএন