ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে একটি বাড়িতে প্রবেশ করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
অভিযুক্ত মো. আলাউদ্দীন (৫৬) ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। গত সোমবার (২৭ জুলাই) দুপুরে চিলারং গ্রামের ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কিশোরীর দিনমজুর বাবা অসুস্থ বড় মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য দিনাজপুরে যান। একই সময়ে তার মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চাওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করেন।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ঘরের ভেতরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য কিশোরী খাটের নিচে লুকিয়ে পড়ে এবং পরে সুযোগ পেয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
পরে বাবা বাড়ি ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ এবং শারীরিক অসুস্থতা দেখতে পেয়ে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মামলায় আরও বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত ইউপি সদস্যের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি উল্টো হুমকি দেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/এএসএফ