• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম


প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৯:৪১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন এবং দেশের উন্নয়ন ও পরিবর্তন নিয়ে সার্বক্ষণিক চিন্তা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে নানা সমস্যা ও আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তরুণদের শক্তি, অদম্য ইচ্ছাশক্তি এবং দেশকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা আশাবাদ জোগায়।

তিনি বলেন, “অনেক সমস্যা আছে, অনেক আর্থিক দুর্বলতা। তারপরও আমাদের যুবকদের যে শক্তি, তাদের অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং নিজেদের প্রতিষ্ঠিত করার যে মানসিকতা, সেটিই আমাদের আশা জোগায়।”

দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণরা তাদের মেধা, দক্ষতা ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকেও সম্ভব করার সক্ষমতা ইতোমধ্যে দেখিয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই একটি সুপরিকল্পিত রাষ্ট্রগঠনের রূপরেখার কথা বলেছিলেন। দেশকে নতুনভাবে গড়ে তুলতে পরিকল্পনার কোনো বিকল্প নেই এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।

/এএসএফ