জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক গত ২৭ জুলাই সালমান এফ রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার অভিযোগপত্রে সালমান এফ রহমানকে আসামি করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে গিয়ে তদন্ত কর্মকর্তা জানতে পারেন, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। পরে তাকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কের ইয়েলো মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলার মধ্যে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনার পর মোদ্দাছির হোসেনের বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
/এসএন