• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম


একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মীর হুমকি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ১১:৫৯ পিএম

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সোহরাব হোসেন নামে স্থানীয় বিএনপির এক কর্মীর বিরুদ্ধে।

ঘটনার একটি ভিডিও গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোহরাব হোসেন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির একজন কর্মী।

ভাইরাল হওয়া ভিডিওতে সোহরাব হোসেনকে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলতে এবং তাকে গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উল্লেখ করেন।

ভিডিওতে সোহরাব হোসেনকে বলতে শোনা যায়, ‘আন্দোলন করো এমপি সাব? ওই যে ওয়াহাবি এমপি সাব, রাজাকারের বাচ্চা… মোতাহার তালুকদারের লোকে পিটাইলে তুই এলাকায় থাকতারবি? এলাকায় আন্দোলন করো? রাস্তায় না, আন্দোলন… দেওয়াম। দেশটা ভালোভাবে চলতাছে, তোর সহ্য হয় না রাজাকারের বাচ্চা? এই সরকার খারাপভাবে চালাইতাছে দেশ?’

তিনি আরও বলেন, ‘দেশের মধ্যে কত সংকট, জ্বালানি তেলের অভাব—এসব বাদ দিয়া তুই আন্দোলন করস। আর কোনো দিন যদি রাস্তায় নামছস, একটারেও ঘরে ফিরে যাইতে দিতাম না। তোরে এমপির মতো লাগে? ভোট চুরি কইরা নির্বাচন কইরা এখন আবার আন্দোলন মারাও? তোমারে কেউ কিছু করতে পারবো না… একবারে চোখ তুইল্লালবাম।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

ভিডিও বার্তা সম্পর্কে বক্তব্য জানতে সোহরাব হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, এলাকায় চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে অস্থিরতা ও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। তবে ব্যক্তিগতভাবে তিনি এ ঘটনায় আতঙ্কিত নন।

তিনি বলেন, ‘জীবন-মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু এ ধরনের ঘটনা সামাজিক পরিবেশ নষ্ট করে। উসকানি দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। ভিডিও বক্তব্য অনুযায়ী হুমকিদাতা মোতাহার হোসেন তালুকদারের লোক। মোতাহার হোসেন তালুকদারের বিরুদ্ধে কথা বললে আমার চোখ তুলে লাইবো। এটা নিয়ে আর বুঝার কিছু নাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নন; সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পরই তিনি ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন এবং এমন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে বলে আমার ধারণা। আমি এ ধরনের আচরণ অ্যালাউ করি না। যে কেউ হতে পারে, আমার শত্রু হতে পারে—তার ব্যাপারে এমন কথা কেন বলবে? ভিডিও না মুছে ফেললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী শনিবার বেলা তিনটার দিকে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএন