সুন্দরবনের বনদস্যু প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় বনদস্যু বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের সময় তারা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটারগান, ১টি ফোর শুটারগান, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজের খোসা জমা দেন।
কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারী বনদস্যুদের অধিকাংশের বাড়ি খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলা এবং বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায়। এছাড়া একজন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত ছিলেন বলে জানিয়েছে বাহিনীটি।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সিপিএসসি বিএন বলেন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যুকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।
/এএসএফ