পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাতে বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ভুক্তভোগী দুই শিশু প্রতিবেশী। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শিশুদের পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে শিশুদের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদের ওপর যৌন নির্যাতন চালান। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা শিশুদের আচরণে পরিবর্তন লক্ষ্য করলে বিষয়টি জানতে পারেন। পরে দুই শিশুকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাছুদ হাসান জানান, দুই শিশুর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
/এএসএফ