চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহিন শেখ (২৫) নামে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ওই ছাত্রীর সহপাঠীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় অবস্থিত একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় মো. শাহিন তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটান বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তকে আটক করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানান। পরে শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১০টার দিকে অভিযুক্তকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর মো. শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
/এসএন