রাজধানীর মধ্যবাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের হামলায় ঝুমুর নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঝুমুরের দূরসম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, দুই-তিন দিন আগে বরিশাল থেকে ঢাকার মিরপুরে তৃতীয় স্বামীর বাসায় আসেন ঝুমুর। তার বর্তমান স্বামী বিদেশে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে মিরপুর থেকে মধ্যবাড্ডায় মনিকাদের বাসায় বেড়াতে যান তিনি।
বিকেলে মনিকা ও তার মা অজিফা বেগমকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরতে বের হন ঝুমুর। এ সময় তার সাবেক স্বামী রেজাউল তাদের দেখতে পেয়ে গোপনে অনুসরণ করতে থাকেন। তবে বিষয়টি তারা বুঝতে পারেননি।
সন্ধ্যা ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট এলাকায় মনিকাদের বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় রেজাউল পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে ঝুমুরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন।
ঝুমুরের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে রেজাউল পালানোর চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গুরুতর আহত ঝুমুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
/এএসএফ