মেয়ের বাড়িতে আম-কাঁঠাল পাঠানোর জন্য কিছু অতিরিক্ত টাকা উপার্জনের আশায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শেরপুরের অটোরিকশাচালক কাজল মিয়া। কিন্তু আর জীবিত ফেরা হয়নি তার। পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, কাজল মিয়ার সংসারের শেষ সম্বল ছিল একটি অটোরিকশা। সেটি চালিয়েই তিন সন্তান নিয়ে কোনোরকমে সংসার চালাতেন তিনি।
ঘটনার দিন সন্ধ্যায় মেয়ের বাড়িতে আম-কাঁঠাল পাঠানোর খরচ জোগাড় করতে অটোরিকশা নিয়ে বের হন কাজল মিয়া। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়েছে এবং তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়ার মরদেহ শনাক্ত করেন।
স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে কাজল মিয়ার পরিবার।
এ ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
/এএসএফ