নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রান্নাঘরের র্যাকে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের ছোবলে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
প্রতিবেশী গিয়াস উদ্দিন, পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রোববার দুপুরে শাহানাজ রান্নার কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রান্নাঘরের র্যাক থেকে পেঁয়াজ নিতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা আড়াইটার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী শাহানাজ আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
/এএসএফ