• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম


কুতুবদিয়ায় ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে ৪ জেলের মরদেহ উদ্ধার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১১:৪৩ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় বৈরী আবহাওয়ায় সাগরে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলারের কেবিন থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে ট্রলারটি তীরে আনার পর কেবিনের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন— কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল হোসেন (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে একটি ফিশিং ট্রলারে ১২ জন মাঝি-মাল্লা মাছ ধরতে সাগরে যান। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় সাতজন জেলে বিভিন্নভাবে সাঁতরে প্রাণে বাঁচতে সক্ষম হন। তাদের কাছ থেকে খবর পেয়ে অন্য ফিশিং ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। একপর্যায়ে সাগরে ডুবন্ত অবস্থায় ট্রলারটি শনাক্ত করা হয়। পরে সেটিকে টেনে রাত ৮টার দিকে অমজাখালী ঘাটে আনা হয়।

ঘাটে পৌঁছানোর পর ট্রলারের কেবিনে আটকা পড়া অবস্থায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ স্থানীয়দের বরাতে জানান, রোববার সন্ধ্যায় ১২ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার কারণে এটি ডুবে যায়। সাতজন জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় ট্রলারের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র

/এএসএফ