• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম


বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে প্রা/ণ গেল দুই শিশুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৯:০৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, গত পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালী উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

পাহাড়ি ঢলের পানিতে ভেসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

/এসএন