চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে বৃষ্টির পানির প্রবল স্রোতে নালায় পড়ে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ হোসেনের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন স্থানীয় একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরিবারের অজান্তে দাদার পিছু পিছু বেরিয়ে আসে শিশুটি। একপর্যায়ে বাড়ির পাশের সড়কের ধারে থাকা পানির নালায় পড়ে যায় সে।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির কারণে নালায় পানির প্রবল স্রোত ছিল। সেই স্রোতে ভেসে শিশুটি পাশের একটি কৃষিজমিতে জমে থাকা পানিতে গিয়ে পড়ে।
পরে সড়ক দিয়ে যাওয়ার সময় এক সিএনজিচালিত অটোরিকশার চালক শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, বৃষ্টির পানির স্রোতে শিশুটি নালা থেকে ভেসে কৃষিজমির হাঁটুসমান পানিতে গিয়ে পড়ে। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার জানান, নালায় পড়ে শিশুটি ভেসে যায়। পরে কৃষিজমিতে জমে থাকা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। পরিষদে যাওয়ার পথে তার গাড়িতে করেই শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: স্থানীয় সূত্র
/এএসএফ