রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী নতুন এ তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলমকেও আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ড. রাব্বি আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি অনলাইন বৈঠকে শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। ওই বৈঠকে শেখ হাসিনা তার অনুসারীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিআইডির ২০২৫ সালের ২৭ মার্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই অনলাইন বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়। ওই বৈঠকে মোট ৫৭৭ জন অংশ নেন বলে জানানো হয়।
তদন্ত শেষে ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবর শেখ হাসিনাসহ পলাতক ২৬১ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে ১১ নভেম্বর মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আংশিক শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ও নিষ্পত্তির স্বার্থে মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে বদলির আদেশ দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বুধবার মামলায় কারাগারে থাকা ২৬ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং পাঁচজন নারী। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতের হাজতখানা থেকে তাদের কাঠগড়ায় তোলা হয় এবং তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।
শুনানিতে আসামি সাবিনা আক্তার তুহিনসহ কয়েকজনের পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। অন্য কয়েকজন আসামির আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই তারিখ নির্ধারণ করেন।