• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৬ এএম


খালেদা জিয়ার বান্ধবী খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ১২:২০ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ বান্ধবী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে আকস্মিক সফর করেন। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর এ সফরের সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির মূল শিক্ষা হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। ব্যস্ততা ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেও বিএনপি যে সৌজন্য ও দায়িত্বশীলতার রাজনীতি করে, সাম্প্রতিক ঘটনাটি তারই একটি উদাহরণ।

তিনি আরও বলেন, সেখানে উপস্থিত হয়ে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। একপর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

মিফতাহ সিদ্দিকী বলেন, এমন একজন নেতাকে দলীয় প্রধান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া সত্যিই গর্বের বিষয়।

উল্লেখ্য, খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।