• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম


হিথ্রোতে আটক ইসলামবিদ্বেষী টমি রবিনসন, সন্ত্রাসবিরোধী আইনে জিজ্ঞাসাবাদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৮:২৪ পিএম

ব্রিটেনের উগ্র-ডানপন্থি ও ইসলামবিদ্বেষী অ্যাক্টিভিস্ট টমি রবিনসনকে হিথ্রো বিমানবন্দরে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় সাময়িকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় কাউন্টার-টেররিজম অ্যান্ড বর্ডার সিকিউরিটি অ্যাক্টের অধীনে তাকে প্রায় তিন ঘণ্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রবিনসন দাবি করেন, পুলিশ তার ফোন জব্দ করেছে। একই সঙ্গে তিনি তার চলমান আইনি লড়াইয়ের জন্য সমর্থকদের কাছে অর্থ সহায়তার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে উত্তর আয়ারল্যান্ডে বর্ণবাদী ও অভিবাসীবিরোধী দাঙ্গার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সহিংসতার সময় দাঙ্গাকারীরা জাতিগত সংখ্যালঘু ও বিদেশি বংশোদ্ভূত মানুষের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট একজন মন্ত্রী এসব সহিংস ঘটনাকে “বর্ণবাদী গুণ্ডামি” হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় রাজনীতিবিদদের অভিযোগ, অনলাইনে সক্রিয় উগ্র-ডানপন্থি উসকানিদাতারা এসব সহিংসতা ছড়িয়ে দিতে এবং সমন্বয় করতে ভূমিকা রেখেছে।

তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে টমি রবিনসনের নাম উল্লেখ করা হয়নি। এক মুখপাত্র জানান, তুরস্ক হয়ে রাশিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার পর শনিবার হিথ্রো বিমানবন্দরে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, ওই ব্যক্তির সঙ্গে থাকা বিভিন্ন যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি ব্রিটেনে উগ্র-ডানপন্থি রাজনীতি, অনলাইন উসকানি এবং সাম্প্রতিক বর্ণবাদী সহিংসতাকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।/এএসএফ