• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম


কিভাবে ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৬:৪২ পিএম

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন। স্পেসএক্সের রেকর্ড গড়া প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) এবং কোম্পানিটির বাজারমূল্যের ব্যাপক উত্থানের ফলে তার ব্যক্তিগত সম্পদ এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

টেসলা, স্পেসএক্স, এক্স (সাবেক টুইটার), স্টারলিংক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআইয়ের প্রধান মাস্ক দীর্ঘদিন ধরেই বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ছিলেন। তবে ২০২৬ সালের জুনে স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর তার সম্পদের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছে যায়।

স্পেসএক্স প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার।

ব্লুমবার্গ ও ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ এক ট্রিলিয়নেরও বেশি। ব্লুমবার্গের সর্বশেষ হিসাব বলছে, তার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া মাস্ক অল্প বয়স থেকেই প্রযুক্তি ও ব্যবসার প্রতি আগ্রহী ছিলেন। পেপ্যাল বিক্রি করে পাওয়া অর্থ বিনিয়োগ করেন স্পেসএক্স ও টেসলায়। পরবর্তীতে এই দুই প্রতিষ্ঠানই নিজ নিজ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনে।

শুধু ব্যবসায়ী হিসেবেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিতেও সক্রিয় ভূমিকার কারণে বিশ্বজুড়ে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, স্পেসএক্স, স্টারলিংক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের ধারাবাহিক সাফল্যের কারণেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ইলন মাস্ক।

/এএসএফ