• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম


বিশ্বকাপের মঞ্চে নকল শাকিরা? তুমুল আলোচনা নেটদুনিয়ায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১০:০৯ এএম

অবশেষে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর।

তবে উদ্বোধনী ম্যাচের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেক ভক্তের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী ব্যক্তি।

বিশ্বকাপের এবারের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (এগিয়ে চলো)-তে নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ৪৯ বছর বয়সী কলম্বিয়ান তারকা শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে এই গান পরিবেশন করেন তিনি। কিন্তু পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার নতুন চেহারা ও উপস্থিতি।

অনুষ্ঠানে শাকিরাকে সম্পূর্ণ ভিন্ন এক সাজে দেখা যায়। তার পরনে ছিল হলুদ রঙের পোশাক, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার চুলের রং। দীর্ঘদিনের পরিচিত সোনালি বা ব্লন্ড চুলের পরিবর্তে তিনি হাজির হন হালকা স্ট্রবেরি রেড রঙের চুলে। এছাড়া বড় আকারের কালো সানগ্লাসে তার মুখের অনেকটাই ঢাকা ছিল।

এই নতুন লুকই মূলত বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। অনেক ভক্ত সামাজিক মাধ্যমে দাবি করেছেন, পারফর্মারের চেহারা, চোখের অভিব্যক্তি এবং শরীরী ভাষার সঙ্গে পরিচিত শাকিরার যথেষ্ট অমিল রয়েছে।

একজন ভক্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘উনি কি সত্যিই শাকিরা? আমার তো কোনোভাবেই শাকিরা মনে হচ্ছে না। আমি কি ভুল দেখছি?’

আরেকজন স্প্যানিশ ভাষায় মন্তব্য করেন, ‘আমাকে বলবেন না যে আমি একাই ভাবছি এটা শাকিরার বডি ডাবল!’

কেউ কেউ আবার বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন। একজন লিখেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওরা শাকিরার মতো দেখতে কাকে নিয়ে এলো?’

ভক্তদের একাংশের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাওয়া ব্যক্তি নিশ্চিতভাবেই কোনো ইমপার্সনেটর বা রূপধারী। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

তবে বিতর্কের বাইরে শাকিরার জন্য এই পারফরম্যান্স ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বহুল আলোচিত বিচ্ছেদের পর এটি তার প্রথম বড় বৈশ্বিক মঞ্চে পরিবেশনা। বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’-এর কথাতেও ব্যক্তিগত সংগ্রাম থেকে উঠে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয়েছে।

গানের একটি লাইনে বলা হয়েছে, ‘যা তোমাকে একবার ভেঙেছে, তা-ই তোমাকে শক্তিশালী করেছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত শাকিরা বলেন, ‘জীবন আমাকে যতটা শক্তিশালী প্রমাণ করেছে, আমি সবসময় নিজেকে তার চেয়েও ভঙ্গুর বা দুর্বল ভেবেছিলাম। জীবনের প্রতিটি অভিজ্ঞতার পেছনেই একটা শিক্ষা থাকে। আমাদের সেই শিক্ষার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি যারা আপনাকে ক্ষতবিক্ষত করে চলে গেছে তাদের প্রতিও। কারণ তারা আমাদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে।’

/এসএন