ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও আগ্রহের কোনো কমতি নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের ম্যাচগুলো এবার ঘরে বসেই টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও উপভোগ করতে পারবেন দর্শকরা।
দেশের দর্শকদের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে এই চ্যানেলগুলো।
শুধু টেলিভিশনেই নয়, প্রযুক্তির সুবিধায় এখন মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ থেকেও সহজেই দেখা যাবে বিশ্বকাপের খেলা। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
মোবাইল ও স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্যবহার করা যাবে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্ম। এসব অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাবে।
ফলে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকায় দেশের ফুটবলপ্রেমীরা যেকোনো স্থান থেকেই নিজেদের প্রিয় দল ও তারকাদের খেলা অনুসরণ করতে পারবেন।
/এসএন