• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম


মাঠে বসে খেলা দেখা অনিশ্চিত, ইরানের সমর্থকদের টিকিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১০:৪৯ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ইরানের ফুটবল সমর্থকদের জন্য বরাদ্দ করা টিকিট বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। এতে বিশ্বকাপে মাঠে বসে জাতীয় দলের খেলা দেখার সুযোগ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ ইরানি সমর্থকরা।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে ইরানের ফুটবল ফেডারেশন দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক উত্তেজনার কারণেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরানি সমর্থকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

যদিও ইরানের জাতীয় দলের খেলোয়াড় এবং মূল সাপোর্ট স্টাফরা প্রয়োজনীয় মার্কিন ভিসা নিয়ে গত রোববার মেক্সিকোতে পৌঁছেছেন, তবে সমর্থকদের জন্য পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে বলে জানায় ফেডারেশন।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে তাদের সমর্থকদের জন্য প্রতি ম্যাচে ৮ শতাংশ টিকিট বরাদ্দ দেওয়ার কথা। এফএফআইআরআই জানিয়েছে, সেই নিয়ম অনুসারে তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের তিনটি ম্যাচ—নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি কার্যক্রমও শুরু করেছিল। অনেক সমর্থক সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন।

তবে ফেডারেশনের দাবি, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র সেই টিকিট বরাদ্দ পুরোপুরি প্রত্যাহার করে নেয়। ফলে বর্তমানে ইরানি সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করতে পারছে না তারা।

ইরান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে ফিফা এবং আয়োজক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনার প্রভাব বিশ্বকাপ আয়োজনেও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হচ্ছে ইরান।

ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভিসা জটিলতার কারণে ইরানের অন্তত ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মী এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। এছাড়া নিরাপত্তা ও পরিস্থিতিগত কারণে অ্যারিজোনার টাসনে নির্ধারিত অনুশীলন ক্যাম্প সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিতে বাধ্য হয়েছে দলটি।

উল্লেখ্য, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে ইরানের জাতীয় দল।

/এসএন