• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পিএম


আমগাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎ’স্পৃষ্ট হয়ে মর্মা’ন্তিক মৃ’ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১০:৪১ পিএম

মানিকগঞ্জে আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি পেট্রল পাম্পে নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

নিহত ফয়সাল হোসেন ভাটবাউর এলাকার বাসিন্দা মো. মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনে নোজেলম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামনে ফুটবলের আন্তর্জাতিক আসর ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিজের সমর্থিত দল ব্রাজিলের পতাকা টাঙানোর উদ্দেশ্যে ফয়সাল পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক লাইন চলে গেছে।

পতাকা টাঙানোর সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান।

পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ফয়সাল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য পাম্পের একটি আমগাছে ওঠেন। তার হাতে একটি এসএস পাইপ ছিল। পতাকা লাগানোর সময় ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে যায়। এতে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, মরদেহ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পোস্টমর্টেম প্রতিবেদনে কোনো অস্বাভাবিকতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএন