রাজধানীর সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র ‘পেন গান’, যা দেখতে সাধারণ কলমের মতো হলেও কার্যত একটি অত্যাধুনিক পিস্তল। সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল সদস্যকে গুলির ঘটনায় এই অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর অভিযান চালিয়ে সোহেল ওরফে কাল্লুসহ দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকেই উদ্ধার করা হয় আলোচিত এই পেন গান। পুলিশ জানিয়েছে, পেশাদার কিলার হিসেবে পরিচিত কাল্লু প্রায় ৮০ হাজার টাকায় অস্ত্রটি কিনে বিভিন্ন অপরাধে ব্যবহার করছিল।
তদন্তে জানা গেছে, গত ৪ এপ্রিল কোতোয়ালি থানা এলাকায় যুবদল সদস্য রাসেলকে দোকান সংক্রান্ত বিরোধের জেরে প্রসন্ন পোদ্দার লেনে ডেকে এনে গুলি করা হয়। এ ঘটনায় মূল শুটার সায়মনকে গ্রেপ্তারের পর কাল্লুর সংশ্লিষ্টতা সামনে আসে।
পরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় অস্ত্রটির অংশগুলো উদ্ধার করা হয়। পাঁচটি পৃথক অংশ জোড়া লাগিয়ে তৈরি করা হয় পেন গানটি।
ডিএমপির প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, এ ধরনের অস্ত্র আগে দেখা যায়নি। দেখতে কলমের মতো হওয়ায় এটি সহজেই বহন ও গোপন রাখা যায়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তিনি আরও জানান, কাল্লুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্রটির উৎস, দেশে প্রবেশের পথ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ধরনের অস্ত্র এর আগে দেশে ব্যবহৃত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
গোয়েন্দা পুলিশ বলছে, প্রতিবেশী কোনো দেশ থেকে পেন গানটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এর উৎস ও সরবরাহ চক্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।