• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম


‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’—রামিসার বাবার হৃদয়বিদারক প্রশ্ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ৭:২৫ পিএম

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসার বাবা কান্নাভেজা কণ্ঠে বলেছেন, তিনি কখনো ‘ধর্ষিতার বাবা’ বা ‘খণ্ডিত লাশের বাবা’ হিসেবে পরিচিত হতে চাননি। তিনি একজন গর্বিত পিতা হিসেবেই বেঁচে থাকতে চেয়েছিলেন।

শনিবার (৬ জুন) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসহায়তা সেল’ এ বৈঠকের আয়োজন করে।

আবেগাপ্লুত বক্তব্যে রামিসার বাবা প্রশ্ন তোলেন, “আমি জানতে চাই—এই দায় কে নেবে? এটা কি আমার অবহেলা, সমাজের অবহেলা, নাকি রাষ্ট্রের অবহেলা? আজ আমার খণ্ডবিখণ্ড খুকু, আমার সোনার টুকরা সন্তান—তার দায়ভার কে নেবে? আমি কি তার জন্য দায়ী, নাকি অন্য কেউ দায়ী?”

তিনি বলেন, “আমি তো একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাই না। আমি তো গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, সেই সম্মান ফিরিয়ে দেন।”

সমাজ ও রাষ্ট্রের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, যদি সেই সম্মান ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত এমন একটি সমাজব্যবস্থা গড়ে তোলা হোক, যেখানে আর কোনো বাবা-মায়ের বুক খালি হবে না। কোনো পরিবারকে যেন সারাজীবন এমন শোক ও বেদনা বয়ে বেড়াতে না হয়।

নিজের পরিবারের বর্তমান অবস্থার কথাও তুলে ধরেন তিনি। জানান, ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও তার স্ত্রী এখনও গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। তিনি বলেন, “আমার স্ত্রী কোথায় যায়, কী বলে—সে নিজেই জানে না। তাকে সারাক্ষণ দেখভাল করতে হচ্ছে। সে আদৌ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না, তা একমাত্র আল্লাহই জানেন।”

শুধু নিজের সন্তানের ঘটনা নয়, দেশের সব শিশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলেন, তার বাড়িতে আসা মাত্র পাঁচ বছর বয়সী একটি শিশু ইতোমধ্যে ‘ধর্ষণ’ শব্দটি শিখে ফেলেছে। অথচ এই বয়সে এমন শব্দ বা বিষয় জানার কথা নয়।

তিনি জানান, ওই শিশুটি এখন একা টয়লেটে যেতে ভয় পায়, মায়ের আঁচল ছেড়ে এক পা-ও নড়তে চায় না। তার ভাষায়, “এটাই আজকের বাংলাদেশের শিশুদের মানসিক অবস্থা।”

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান, আইনজীবী রাশনা ইমামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

/এসএন