দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতা রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরফতানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ রফতানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশের প্রাপক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে।
নোটিশে বলা হয়েছে, জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। কিন্তু বর্তমানে দেশের স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে অভিযোগ করা হয়, দেশের স্থানীয় বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রফতানি করা হয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তাদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরফতানি করে বিপুল মুনাফা করছেন।
নোটিশদাতার দাবি, এ ধরনের পুনঃরফতানি হলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে দেশের জাতীয় সম্পদের যথাযথ মূল্যও পাওয়া নাও যেতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
নোটিশে আরও বলা হয়েছে, সরকার এখনো ভারতে ইলিশ রফতানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে সাধারণ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নেওয়ার জন্য আগাম এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন থাকলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ইলিশ রফতানি না করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে প্রকৃত আন্তর্জাতিক মূল্যে সরাসরি ইলিশ রফতানির জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা গ্রহণ করা যেতে পারে।
লিগ্যাল নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানির বিষয়ে যেকোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রফতানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
/এসএন