• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম


৯৬টি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৬ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন খাতে সরকারের চালু করা আলাদা আলাদা কার্ডকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন।

কী এই ইউনিভার্সাল কার্ড এবং এটি চালু হলে কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে—এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে সামাজিক সুরক্ষা ও সহায়তার জন্য দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ড। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ মোট ৯৬টি সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকারের পরিকল্পনা হলো বিভিন্ন খাতে চালু থাকা এসব কার্ড ও সহায়তা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা। অর্থাৎ একজন নাগরিক বা একটি পরিবারের বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পেতে আলাদা আলাদা কার্ড বা ব্যবস্থার পরিবর্তে একটি সমন্বিত কার্ড ব্যবহারের ধারণাই হলো ‘ইউনিভার্সাল কার্ড’। এ উদ্যোগের ভিত্তি হিসেবে কাজ করছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

সরকারি নথি অনুযায়ী, ফ্যামিলি কার্ড একটি ডিজিটাল পরিচয় ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা। নির্বাচিত ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সহায়তার সঙ্গে এই কার্ডকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ডের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটি পরিবারের নারীপ্রধানের নামে দেওয়া হচ্ছে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের আর্থ-সামাজিক তথ্য এবং প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোরিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য ‘ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড’-এ রূপান্তরের কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

তবে ইউনিভার্সাল কার্ড চালু হলে ঠিক কোন কোন সুবিধা একটি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে, কারা এর আওতায় থাকবেন এবং বর্তমানে চালু থাকা কার্ডগুলোর ভবিষ্যৎ কী হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি বাংলাভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সব সেবাকে একটি ছাতার নিচে আনার পরিকল্পনা করছে সরকার।

তিনি জানান, একই কার্ডের আওতায় আনা হলেও কোনো সেবা বন্ধ হবে না। বরং বর্তমানে যেসব সুবিধার জন্য একাধিক কার্ড ব্যবহৃত হচ্ছে, সেসব সেবা একটি কার্ডের মাধ্যমেই পাওয়ার ব্যবস্থা করা হবে।

সমন্বিত এই কার্ডব্যবস্থা চালু হলে একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা নেওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এ ধরনের সমন্বিত ব্যবস্থার ক্ষেত্রে গ্রাহকদের নথি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তারা।

/এসএন