• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম


বিয়ের ভোজে রোস্ট নিয়ে বি’রোধ, বর-কনেপক্ষের সংঘ’র্ষে আহ’ত ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ৬:২০ পিএম

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনেপক্ষের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র, স্বজন এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বরযাত্রীরা কনের বাড়িতে আসেন। একপর্যায়ে অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। তখন বরপক্ষের এক অতিথি আলম প্যাদা কনের চাচা ও খাবার পরিবেশনকারী রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান।

সে সময় অতিথিদের গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে কনেপক্ষের তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) এবং রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

কনের মামা বাবলু আকন বলেন, “আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে আলম প্যাদা প্রথমে হামলা করে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”

তবে ঘটনার বিষয়ে বরপক্ষের কোনো সদস্য তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানি না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

/এসএন