• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম


বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ পুশইন, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ৬:২৪ পিএম

নওগাঁর সাপাহার সীমান্তে শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও সফল না হয়ে শেষ পর্যন্ত তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৭ জনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। শনিবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। দেশটির সীমান্তরক্ষী বাহিনী প্রায় ১৯ ঘণ্টা ধরে এই প্রচেষ্টা অব্যাহত রাখে।

খবর পেয়ে ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয় বিজিবি। সীমান্ত এলাকায় তাদের কড়া নজরদারি এবং অবস্থানের কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি। বিজিবির এমন ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলমুডাঙ্গা গ্রামের ট্রাক্টরচালক মাহবুব আলম বলেন, “ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা পাহারা দিয়ে রেখেছিল। রাত ১১টার দিকে আমার ট্রাক্টরে ধান লোড দিচ্ছিলাম, তখনও বিজিবি সদস্যরা সেখানে ছিল। এরপর বিএসএফ সদস্যরা তাদের টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায়। তারা বিএসএফ সদস্যদের সঙ্গে যেতে চাচ্ছিল না। নিয়ে যাওয়ার সময় তারা অনেক কান্নাকাটি করছিল। তাদের কান্নার শব্দ শুনে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম। তখন বিএসএফ আমাদের বাধা দিয়ে তাদের নিয়ে চলে যায়। বিজিবির এমন ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়। মানবিক দিক বিবেচনা করে শুরুতে তাদের শূন্য লাইনে থাকতে দেওয়া হলেও সন্ধ্যার পর তাদের নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ওই ১৭ জনকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

/এসএন