কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধূ ও শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখরাশাল গ্রামের দুবাইপ্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী খালেদা আক্তার (৩০) এবং তার মা মেহেরা (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুকে খাবার দিতে খালেদা আক্তার গোয়ালঘরে যান। এ সময় গোয়ালঘরের দরজার সঙ্গে সংযুক্ত একটি বিদ্যুতের তারে লিকেজ থাকায় দরজাটি বিদ্যুতায়িত হয়ে ছিল। দরজা খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
খালেদাকে উদ্ধার করতে এগিয়ে যান তার শাশুড়ি মেহেরা। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা আক্তার ও মেহেরাকে মৃত ঘোষণা করেন।
আচমিতা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল্লাহ জানান, খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে স্ত্রী ও মায়ের মৃত্যুর খবর পেয়ে দুবাইপ্রবাসী জাহাঙ্গীর জরুরি ছুটি নিয়ে দেশে ফিরছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি দেশে পৌঁছানোর পর জানাজা অনুষ্ঠিত হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বউ-শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
/এসএন