• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম


‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:২২ এএম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হলেও এখানে সিনেমা হল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠতে দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, একটি “কালো নকশার” মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়ে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠী আন্দোলনকে কুক্ষিগত করতে চাইলে তার পরিণতি ভালো হবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন উদিচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফতি আল জাবেদ এবং সামাজিক সংগঠন ‘সোনালী সকাল’-এর সভাপতি ফাহিম মুনতাসিরসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে অংশগ্রহণকারীরা ঢাকা–সিলেট মহাসড়কে একটি প্রতিবাদ মিছিল বের করেন।

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি প্রদর্শনের কথা থাকলেও কওমি ছাত্রজনতার বিরোধিতার মুখে তা স্থগিত করা হয় বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

/এএসএফ