• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম


হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১:২১ পিএম

নেত্রকোনার মদনে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম এরশাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সেওতা গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি বাগজান গ্রামে বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বৃষ্টি শুরু হলে হাওর থেকে গরু আনতে যান এরশাদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”

/এসএন