• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম


লন্ডন সফরে রাষ্ট্রপতির জরুরি চিকিৎসা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে ধরা পড়ল ব্লক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ১১:৪৫ এএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় যুক্তরাজ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রের একটি ধমনীতে গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। পরে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য জানায়। প্রেস উইং জানায়, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়।

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেখানে স্টেন্ট বসানো হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।

ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে রাষ্ট্রপতি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

/এসএন