বাংলাদেশ ক্রিকেট এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা, ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।’
দেশে ফিরে প্রথমে কোথায় যেতে চান—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাকি নিজ জেলা মাগুরায়—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন সাকিব। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তার সাবেক টিমমেট ও বন্ধু তামিম ইকবাল যদি বোর্ড সভাপতি হন, তাহলে তিনি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কি না। জবাবে সাকিব বলেন, ‘ইলেকশন করার পরে আসলে যে বোর্ডটা আসবে, তাদের হয়তো হাতে চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়ার অনেক সময় থাকবে।’
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। সাকিব বলেন, ‘আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।’
খেলোয়াড়ি জীবন চলাকালেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।’
সাক্ষাৎকারে তার বক্তব্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে রাজনীতি ও দেশে ফেরার বিষয়ে তার মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
/এসএন