• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম


দেশে ৯ দিন বৃষ্টির আভাস, উত্তরাঞ্চলে বজ্রপাতের শঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ মে ২০২৬ ১১:৩৬ পিএম

দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (৯ মে) রাতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিডব্লিউওটির তথ্যমতে, আসন্ন বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে দেশের দক্ষিণাঞ্চলের অনেক জেলায় এই বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, বিশেষ এই আবহাওয়া পরিস্থিতি আগামী ১২ অথবা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। সম্ভাব্য বৃষ্টি বলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে এই সময়জুড়ে টানা বৃষ্টি হবে না; বরং বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব দেখা যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব বিভাগে দীর্ঘস্থায়ী বা বিস্তৃত এলাকাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব খুব একটা পড়বে না বলে ধারণা করা হচ্ছে। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টি হতে পারে, তবে তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।

/এসএন