চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’
বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা এবং আঞ্চলিক সামুদ্রিক সমন্বয়ের ক্ষেত্রে এই সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাজটি সফলভাবে বঙ্গোপসাগর অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে।
বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং ক্রমবর্ধমান নৌ সহযোগিতার প্রতিফলন।
সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।
এসব বৈঠকে পেশাগত মতবিনিময় এবং দুই দেশের নৌবাহিনীর কার্যকরী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সফরের অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার সফররত জাহাজটির সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন। পরে ‘আইওএস সাগর’-এর পক্ষ থেকেও ডেক রিসেপশনের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।
এ ছাড়া সফররত জাহাজের কমান্ডিং অফিসার চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হচ্ছে।
সফরসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সেখানে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক জাহাজ পরিদর্শন বা ক্রস-ডেক ভিজিট, পেশাগত মতবিনিময় এবং সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ও সফরসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ উদ্দেশ্যে সফররত নৌ সদস্যরা ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স এবং বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য এবং দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইওএস সাগর’-এর এই সফর ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ বা ‘প্রতিবেশী অগ্রাধিকার’ নীতির প্রতিফলন। একই সঙ্গে ‘মহাসাগর’ উদ্যোগের আওতায় ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে।