আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাংলাদেশ-এর বিভিন্ন জেলার আকাশে রহস্যময় উজ্জ্বল আলোর রেখা দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট-সহ বিভিন্ন এলাকায় আকাশজুড়ে দীর্ঘ আলোকরেখাটি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্যের ছবি ও ভিডিও।
বিশ্লেষকদের ধারণা, এটি ছিল ভারত-এর উৎক্ষেপণ করা একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আকাশপথে চলাচলের দৃশ্য।
জানা গেছে, ভারত ৬ মে থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশসীমায় বিমান চলাচলের জন্য NOTAM (Notice to Air Mission) জারি করেছিল, যা সাধারণত বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা সামরিক পরীক্ষার আগে ঘোষণা করা হয়।
সামরিক বিশ্লেষকদের একাংশের ধারণা, পরীক্ষাটি ভারতের অত্যাধুনিক ‘অগ্নি-৬’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM)-এর হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি এবং এতে MIRV প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা থাকতে পারে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক ভিন্ন লক্ষ্যবস্তুতে পৃথক ওয়ারহেড নিক্ষেপ করা সম্ভব।
ভারতীয় কর্তৃপক্ষ এই পরীক্ষার বিষয়ে আগে থেকেই বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছিল বলেও জানা গেছে।
তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পরীক্ষাটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এই পরীক্ষা সফল হলে তা ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এবং আঞ্চলিক সামরিক ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
/এএসএফ