• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ এএম


“আওয়ামী লীগ ৫ বছরে যা পারেনি, আমরা ২ মাসেই করেছি” সরকার দলীয় হুইপ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১১:০০ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, গত ১৭ বছর বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তবে এখন মানুষ আর সেই ধোঁকায় পড়বে না।

বুধবার (৬ মে) বিকেলে হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আনন্দ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, “আওয়ামী লীগ পাঁচ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তা দুই মাসেই করেছি।”

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তার ভাষায়, “নিজেরা কেউ দুর্নীতি করব না, অন্যকেও দুর্নীতি করতে দেব না।”

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয় তুলে ধরে তিনি বলেন, ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে চালু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জি কে গউছ জানান, আগামী মাস থেকে হবিগঞ্জেও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

/এএসএফ