• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম


বাম দুর্গ ভেঙে নতুন ইতিহাস, আলোচনায় তরুণ নেত্রী তাহলিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ১১:৩৩ পিএম

ভারতের কেরালা রাজনীতিতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর নেত্রী ফাতেমা তাহলিয়া।

সোমবার (৪ মে) প্রকাশিত নির্বাচনী ফলাফলে তিনি সিপিআই(এম)-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোঝিকোড় জেলার পেরামব্রা আসনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর কনভেনার টি পি রামকৃষ্ণানকে পরাজিত করে নজির গড়েন।

এই জয়ের মধ্য দিয়ে তাহলিয়া আইইউএমএল-এর ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন।

পেশায় আইনজীবী ফাতেমা তাহলিয়া বর্তমানে কোঝিকোড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই জয়কে ‘জায়ান্ট কিলিং’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

কারণ, ১৯৮০ সাল থেকে পেরামব্রা আসনটি ধারাবাহিকভাবে সিপিআই(এম)-এর দখলে ছিল। প্রায় চার দশকের সেই আধিপত্য ভেঙে দিয়ে তাহলিয়া ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) শিবিরে আনন্দের ঢেউ তুলেছেন।

নির্বাচনী প্রচারণার সময় ইউডিএফ অভিযোগ করেছিল, তাহলিয়ার বিরুদ্ধে এলডিএফ সাম্প্রদায়িক প্রচারণা চালিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল।

আইইউএমএল এবারের নির্বাচনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন দেয়, যার মধ্যে মাত্র দুইজন নারী ছিলেন। তাহলিয়া তাদের একজন। এর আগে দলটির ইতিহাসে দুইজন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ বিজয়ী হতে পারেননি।

ফাতেমা তাহলিয়া শুধু বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গেই নয়, দলীয় অভ্যন্তরেও সংস্কারবাদী অবস্থানের জন্য পরিচিত। ২০২২ সালে তিনি দলের ভেতরে নারী অধিকার ও লিঙ্গ সমতার দাবিতে সরব হয়ে আলোচনায় আসেন। তিনি মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের (এমএসএফ) নারী শাখা ‘হারিতা’-র প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি ছিলেন।

নারীর অধিকার প্রসঙ্গে তাহলিয়া বলেন, ‘এটি দলের নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ ছিল না, বরং রাজনীতিতে নারীদের মর্যাদা ও স্থান নিশ্চিত করার লড়াই ছিল।’

তবে তার রাজনৈতিক পথ সহজ ছিল না। এমএসএফ-এর সিনিয়র নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর তাকে সংগঠনের জাতীয় সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ‘হারিতা’ কমিটিও ভেঙে দেওয়া হয়। তবুও তিনি অবস্থান থেকে সরে আসেননি। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লিগের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্লেষকদের মতে, তাহলিয়ার এই বিজয় কেরালার রাজনীতিতে নতুন ধারার সূচনা করেছে। একজন তরুণ, স্পষ্টভাষী ও সাহসী নেত্রী হিসেবে তার উত্থান আইইউএমএল-এর ভেতরে নারী প্রতিনিধিত্ব এবং অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

/এসএন