• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম


ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে স্বর্ণের বাজারে ধস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১০:৩২ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর প্রভাব স্পষ্ট। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারেও, যেখানে স্বল্প সময়ের ব্যবধানে দামের বড় পতন লক্ষ্য করা গেছে।

সোমবার (৪ মে) লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমে গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী সোমবার বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্ট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও, যেখানে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে।

বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন স্বর্ণের পরিবর্তে মার্কিন ডলারকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন।’

/এসএন