ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের ইনসেনটিভ বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কর্মীদের কাজে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের মূলধনে ঘাটতি থাকলেও বোনাস দেওয়া যাবে, তবে শর্ত হলো—ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কমে যাওয়া যাবে না। এছাড়া যেসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বিলম্বের প্রয়োজন নেই, তারাও এই সুবিধার আওতায় আসবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়া যাবে।
এর আগে ২০২৫ সালের নির্দেশনায় বলা হয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে ব্যর্থ হবে, তারা কোনো ধরনের বোনাস দিতে পারবে না। পাশাপাশি মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রেও বোনাসে নিষেধাজ্ঞা ছিল।
নতুন এই সিদ্ধান্তে ব্যাংক খাতে কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।