• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ এএম


নাটোরে রহস্যজনক হত্যাকাণ্ড, ঘর থেকেই উদ্ধার ব্যবসায়ীর লাশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ২:০৩ পিএম

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ির একটি ঘর থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সিংড়া থানা পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, রফিকুল ইসলাম রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরেন। রাতের খাবার শেষে তিনি দরজা খোলা রেখেই নিজের ঘরে একা ঘুমাতে যান।

ভোর পাঁচটার দিকে পাশের ঘরে থাকা তার স্ত্রী ফজরের নামাজ পড়ার জন্য জেগে ওঠেন। তখন তিনি দেখতে পান, স্বামীর ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা দ্রুত সেখানে ছুটে আসেন।

খবর পেয়ে সকাল সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী শিউলি বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামী রাতে বাড়ি ফিরেই মাথায় তেল দিতে বলেছিল। তখন তাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। আমি তার মাথায় তেল দিয়ে দিই। খাওয়ার পর আমি একই ঘরে ঘুমাতে চাইলে সে আমাকে ছেলেকে নিয়ে অন্য ঘরে যেতে বলে। ভোরে নামাজ পড়তে উঠে দেখি, গলাকাটা অবস্থায় সে বিছানায় পড়ে আছে।’

নিহতের মামা আবদুল করিম বলেন, ‘আমার ভাগনে রফিকুল খুব ভালো মানুষ ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তাই কে বা কারা তাকে এভাবে হত্যা করল, তা বুঝতে পারছি না। আমরা এর সঠিক বিচার চাই।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি, তবে ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

/এসএন