• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম


এক ঝটকায় ১৭ পুলিশ কর্মকর্তা অবসরে! ভেতরে কী ঘটছে?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ৯:৩৫ পিএম

বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর মধ্যে ১৬ জন ডিআইজি এবং ১ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে। তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, সিআইডি, পুলিশ অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও ইউনিটে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা।

এছাড়া রেলওয়ে পুলিশের একজন পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)কেও একই আদেশে অবসরে পাঠানো হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, একসঙ্গে এত সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।