আওয়ামীলীগ সরকারের সুবিধাভোগী ও অতিমাত্রাই উৎসাহী বলে পরিচিত বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের ডিআইজি সালমা বেগম।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।