বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে অনুষ্ঠিত হয়, ফল প্রকাশ হয় অক্টোবরের মাঝামাঝি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয় জানুয়ারিতে। এই দীর্ঘ ব্যবধানের কারণে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তিনি ইউজিসিকে অনুরোধ করেন, ভর্তি কার্যক্রম ও স্নাতক সম্পন্ন করার সময়সূচি সমন্বয় করতে।
মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজন দেশে ফিরে আসছে এবং কতজন মেধাসম্পদ হিসেবে হারিয়ে যাচ্ছে—এ বিষয়ে সঠিক পরিসংখ্যান জরুরি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে নাকি কেবল বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে—তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও উল্লেখ করেন, বেকারত্ব কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন।
শেষে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে তিনি নিরাশ না হন।