• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম


নাশকতার আশঙ্কায় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৫:৫২ পিএম

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং দেশের সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে।

সম্ভাব্য টার্গেট হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।